ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে ডাকাত আখ্যা দিয়ে মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদকে (৪৫) প্রধান আসামি করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন সড়কে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিজান উপজেলার কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় মৎস্য প্রজেক্ট ও মুরগির খামারের ব্যবসায়ী ছিলেন। নিহতের স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মিজানের শ্বশুরবাড়ির লোকজনের ওপর হামলার প্রতিবাদ করায় স্থানীয় একটি চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। শনিবার রাতে কালিরহাট বাজারে মাছের প্রজেক্টের স্ট্যাম্প ও পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে বিএনপি নেতা মাসুদের সঙ্গে মিজানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মিজানের মুখ ও মাথায় গুরুতর আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মিজানকে 'ডাকাত' আখ্যা দিয়ে মরদেহ সড়কে ফেলে পালিয়ে যায়। এমনকি তাকে ডাকাত সাজিয়ে বাজারে মিষ্টি বিতরণের মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটে। তবে নিহতের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা জানান, তাড়াহুড়োর কারণে এজাহারে সবার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, যা পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় যুক্ত করা হবে। এদিকে প্রধান আসামি এনামুল হক মাসুদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ঘটনার সময় নিজ দোকানে ছিলেন এবং মিজান গণপিটুনিতে মারা গেছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, নিহতের স্ত্রী সিমা বাদী হয়ে সোমবার রাতে কবিরহাট থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় নামীয় ৮ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় এই হত্যাকাণ্ডকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ