গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি সুসংগঠিত ও কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যকলাপ বা ভোটাধিকার প্রয়োগে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী।

জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত ‘কম্বিং অপারেশন’ বা বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশের টহল কার্যক্রম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিনের ভীতি দূর হয়ে আস্থা ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন