ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বিন ইসলাম (২৩)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে ইমাননগর গ্রামের বাসিন্দা শাকিলের বাড়িতে গরু চুরি করতে প্রবেশ করে মজনু ও দ্বিন ইসলাম। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসীরা জড়ো হয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাদের দুজনকে ধরে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। সোমবার ভোর ৬টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে আহত দুই যুবক ভোরে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মজনু ও দ্বিন ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বেও সিংগাইর থানায় একাধিক চুরির মামলা ছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ