ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর নিজ জেলা ফেনীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি দুপুরে ফেনী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। দলের শীর্ষ নেতার আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো ফেনী জুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।
তারেক রহমানের এই সফরকে সফল করতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের দাউদপুলস্থ রূপালী কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। সভায় আরও বক্তব্য রাখেন ফেনী-১ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, রেহানা আক্তার রানু, আবু তালেব, মশিউর রহমান বিপ্লবসহ জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, তারেক রহমানের এই আগমন ফেনীর রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল তার বক্তব্যে উল্লেখ করেন, ফেনীর সাথে তারেক রহমানের নাড়ির টান এবং গভীর আবেগ জড়িত। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসার পর এটিই হবে তার প্রথম ফেনী সফর। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও ফেনীর কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার যোগ্য উত্তরসূরির এই আগমনে জেলা জুড়ে উৎসবে আমেজ বিরাজ করছে। ২৫ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে জেলা, উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিশাল কর্মপরিকল্পনা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ২৫ জানুয়ারির নির্বাচনী জনসভা সফল করতে যার যার অবস্থান থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন। নেতাকর্মীদের প্রত্যাশা, এই সমাবেশের মাধ্যমেই ফেনীতে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে। সফরকে ঘিরে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ তোরণ নির্মাণ ও সাজসজ্জার প্রস্তুতি শুরু হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ