ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পীরগাছায় টিএমএসএস-এর প্রাথমিক স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় মাত্র ১০ টাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সাশ্রয়ী মূল্যে ওষুধ বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে টিএমএসএস পরিচালিত এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগাছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী কৌশিক ভট্টাচার্য।
পীরগাছা উপজেলা টিএমএসএস শাখা প্রধান সনৎ কুমার অধিকারীর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিডি (পিএইচই অ্যান্ড এসপি) সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ শাহীন মিয়া, জোন প্রধান মো. ময়নুল হক প্রধান, রিজিয়ন প্রধান রফিক আজির, আরএইচও রেজওয়ানুর রহমান, পল্লী চিকিৎসক ডা. মোহাম্মদ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এই কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। কর্মসূচির আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্যানিটেশন সচেতনতা, মা ও শিশু স্বাস্থ্য, প্রবীণদের চিকিৎসা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাত্র ৩০০ টাকায় একটি সেবা কার্ড গ্রহণ করে সাধারণ মানুষ পরবর্তী সময়ে মাত্র ১০ টাকা ফি দিয়ে এসব চিকিৎসা সহায়তা নিতে পারবেন। এছাড়াও জটিল রোগের ক্ষেত্রে এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ও স্বল্পমূল্যে অপারেশনের সুযোগ প্রদান করা হবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে শাখা কার্যালয়ের উদ্বোধন করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ