ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ এবং আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীরা এবারের নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত থাকে, সেই দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনসহ ৬টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ। সভায় প্রার্থীরা গত কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে এবারের নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই আস্থার পরিবেশ তৈরি করতে হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে ৬ জন, মুন্সীগঞ্জ-২ আসনে ৫ জন এবং মুন্সীগঞ্জ-৩ আসনে ৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীক গ্রহণ করেন। এছাড়া এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নুর হোসাইন নুরানি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদারসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য মো. মহিউদ্দিন (ফুটবল) প্রতীক পেয়েছেন।
মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ধানের শীষ প্রতীক বুঝে নেন। এ আসনে অন্যান্যদের মধ্যে প্রতীক পেয়েছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে.এম বিল্লাহ এবং জাতীয় পার্টির নোমান মিয়া। অন্যদিকে, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুউদ্দিন রাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান খাঁন ও স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ