ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জয়পুরহাটে আইনজীবী সমিতির নব-নির্বাচিত পরিষদের শপথ ও অভিষেক সম্পন্ন
গোলাম রব্বানী, জয়পুরহাট: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ-২০২৬-এর শপথ গ্রহণ, অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠান মঙ্গলবার (২০ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অনুপ কুমার।
অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী খাজা শামসুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, "এই গতিশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও প্রাণবন্ত হবে।" তিনি বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং বিচারিক ব্যবস্থার সার্বিক উন্নয়নে বার (আইনজীবী) ও বেঞ্চের (বিচারক) মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অভিষেক অনুষ্ঠানে আইনজীবীদের পক্ষ থেকে একটি বিশেষ সংকটের কথা তুলে ধরা হয়। নব-নির্বাচিত সভাপতি মো. আব্দুল মোমেন ফকির তার বক্তব্যে বলেন, "গুরুত্বপূর্ণ বিচারিক কাজে নিয়োজিত আমাদের সহকর্মী কোর্ট অফিসারদের (মুহুরি) বসার জন্য কোনো স্থায়ী কার্যালয় বা নির্দিষ্ট জায়গা নেই। ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে তাদের দৈনন্দিন কাজ পরিচালনা করা কষ্টসাধ্য ও অমানবিক হয়ে পড়েছে।" তিনি এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হাবিবা মণ্ডল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞা এবং জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম, পিপিএম)।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে নব-নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও আইনজীবীদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ