ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসিফ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সভায় শহর শিবিরের সভাপতি আল মামুন বলেন, দীর্ঘ ২৮ বছর পর শাবিপ্রবি শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছিল। আজ ২১ জানুয়ারি একটি উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি বিশেষ মহলের ষড়যন্ত্রে তা স্থগিত করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল পরাজয়ের ভয়ে এবং নিজেদের অপরাজনীতি টিকিয়ে রাখতে উচ্চ আদালতে রিট করে এই নির্বাচন বাধাগ্রস্ত করেছে। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে তারা ভয় পায় বলেই এই পথ বেছে নিয়েছে।
বক্তারা আরও বলেন, ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর ছাত্রদলের উচিত ছিল সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসা। কিন্তু তারা ক্যাম্পাসগুলোতে চাদাবাজি, টেন্ডারবাজি ও অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত রয়েছে। অবিলম্বে শাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন করে ভোটের তারিখ ঘোষণার দাবি জানান তারা। অন্যথায় শিক্ষার্থীদের সাথে নিয়ে সারাদেশে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হোসেনের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্ট এক আদেশে শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন, যার প্রতিবাদে শাবিপ্রবি ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ