ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে ভোটগ্রহণের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এদিন বিকেলে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর দক্ষিণ পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে উড়ালসেতুর নিচে এসে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি মোঃ রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল ইসলাম বলেন, শাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম। একটি বিশেষ মহলের ষড়যন্ত্রে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নির্বাচন স্থগিত করে শিক্ষাঙ্গনে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। শিক্ষার্থীদের কণ্ঠরোধ করে কোনোভাবেই কর্তৃত্ববাদী মনোভাব চাপিয়ে দেওয়া যাবে না। তিনি অবিলম্বে শাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন করে ভোটের তারিখ ঘোষণার দাবি জানান। অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি তাসনিম আলম এবং গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ নুরুল ইসলাম। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো দিন দিন প্রকট হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠানের সঞ্চালনায় কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও মানববন্ধন চলাকালে নেতাকর্মীরা শাকসু নির্বাচন চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ