ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে টেকনাফ সদরের কেরুনতলী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল কেরুনতলী এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিএনজি আরোহী এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত ইয়াবা এবং পাচারকাজে ব্যবহৃত সিএনজিটি বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাচারকারী চক্রের বাকি সদস্যদের বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সমুদ্র ও উপকূলীয় সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে ইয়াবাসহ অন্যান্য মাদক প্রবেশের সুযোগ বন্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ