ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটির জেরে বিষপান করে আরিফা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফা উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের কালার বাড়ি মোড় এলাকার আলফাজ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গাজীপুর বাজার রফিক রাজু ক্যাডেট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আরিফার কথা কাটাকাটি হয়। অভিমান করে রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোনো এক সময় সে বিষপান করে। সোমবার ভোররাতে ফজরের নামাজের আগে আরিফার কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তার ঘরে ছুটে যান। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সকাল আনুমানিক ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম শোকাহত কণ্ঠে জানান, ছোটবেলা থেকেই তিনি বোনকে আগলে রেখে লালন-পালন করেছেন। এ বছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। ভোররাতে শব্দ শুনে দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বিষক্রিয়াতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ