ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ বুঝে নিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ আসনে দীর্ঘ সময় পর বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী তৎপরতা শুরু হলো।
প্রতীক গ্রহণ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জিলানী বলেন, প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন থেকে শুরু হবে মাঠের আসল লড়াই। আমাদের হাতে সময় খুবই সীমিত, তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দেন।
নির্বাচনী বৈতরণী পার হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করে এস এম জিলানী বলেন, আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। গোপালগঞ্জ-৩ আসনের অন্তর্গত টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মাটি ও মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। আমি বিশ্বাস করি, এই এলাকার মানুষ তাদের ভোটের মাধ্যমে আমাকে মূল্যায়ন করবে এবং তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে ধানের শীষকে বিজয়ী করবে।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসনটি জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই দশকে এই আসনে বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সীমিত থাকলেও এবারের নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে। এস এম জিলানীর প্রতীক গ্রহণের সময় জেলা ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ