জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও নবম পে-স্কেলের দাবিতে বাউফলে বিক্ষোভ

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও নবম পে-স্কেলের দাবিতে বাউফলে বিক্ষোভ

জাহিদ শিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ এবং দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে সমিতির উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল হক।

বক্তারা বলেন, "দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য দাবির অপেক্ষায় থাকলেও নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা হচ্ছে না। বর্তমান বাজারের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকে সপরিবারে মানবেতর জীবনযাপন করছেন।"

সমাবেশে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে বক্তারা আরও বলেন, "তার এই বক্তব্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত হতাশাজনক ও অসম্মানজনক। এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করে কর্মচারীবান্ধব নীতি গ্রহণ করতে হবে।" অনতিবিলম্বে নবম পে-স্কেল কার্যকর না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য করুন