ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিকদের একটি অংশ।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ‘সাধারণ শ্রমিকদের’ ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে থেকেই পরিকল্পিতভাবে নানা অনিয়ম করা হচ্ছে। এতে করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রমিকরা বলেন, কিছু প্রার্থী নির্দিষ্ট একটি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে তা কাটাহেঁড়া করে ভিন্ন পদে জমা দিয়েছেন, যা নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। এছাড়াও সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত চারটি গুরুত্বপূর্ণ পদে আগেই পছন্দের প্রার্থীদের নির্ধারণ করে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তারা আরও দাবি করেন, পুরো নির্বাচন প্রক্রিয়াকে ‘পাতানো নির্বাচন’ বানানোর চেষ্টা চলছে, যা সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করছে। এ অবস্থায় বর্তমান তফসিল বাতিল করে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ তফসিল ঘোষণার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন বাতিল করা না হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হলেও এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলেও জানান তারা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন