সরিষাবাড়ীতে পুলিশের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সরিষাবাড়ীতে পুলিশের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক চর্চা বাড়াতে পুলিশের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে এই প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচ সম্পন্ন হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন করা হয়।

নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় আলফা-টু ও এমআরসি দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এমআরসি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলফা-টু। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা পুলিশের সঙ্গে জনগণের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ (পিপিএম), সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর এবং সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন। রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামান। টুর্নামেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও প্রদান করা হয়। বক্তারা পুলিশের এমন জনসম্পৃক্ত ও সামাজিক উদ্যোগের প্রশংসা করে আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন