ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে স্বজনদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (ডিবার পাড়) গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদ খান এবং শহিদুল ইসলাম। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযুক্ত আসামী আব্দুল মতিন (৪২) টেংরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি ২০১৯ সালের একটি মামলায় আদালতের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের একটি মামলায় আব্দুল মতিনসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার বিকেলে এএসআই এমদাদ ও শহিদুল টেংরা গ্রামে অভিযান চালিয়ে মতিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর দুই ভাই পালিয়ে গেলেও মতিনের স্ত্রী, মেয়েসহ অন্যান্য স্বজনেরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, হামলার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে এবং আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ