ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তারেক হায়দার, কক্সবাজার: চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে এক পথচারী দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিজামপুর সরকারি কলেজ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যাওয়ার সময় পাশে থাকা ওই পথচারীকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, আব্দুর রহমান একজন দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী লেনে চলন্ত ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের ওপর আছড়ে পড়ে। এসময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহমান। দুর্ঘটনার পর ট্রাকের সিলিন্ডারগুলো মহাসড়কে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ আহত চালক ও তার সহকারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাকটি আটক করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ