ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস ইমিগ্রেশনে ভারত থেকে আসা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্টের স্ক্যানিং বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম (৫০) মুন্সিগঞ্জ জেলার রঞ্চহাওলা পাড়া গ্রামের আব্দুস সামাদ ব্যাপারীর ছেলে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে ফেরার পর কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রী আব্দুস সালামের গতিবিধি ও ব্যাগ সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তাকে থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় তার বহনকৃত ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার এবং ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বৈদেশিক মুদ্রার বাংলাদেশি বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুস সালাম জানান, কলকাতার জনৈক সুমন নামের এক ব্যক্তি তার কাছে এই বিপুল পরিমাণ অর্থ হস্তান্তর করেছিলেন। এই টাকাগুলো যশোরের এক ব্যক্তিকে পৌঁছে দেওয়ার কথা ছিল তার। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের উদ্দেশ্যে তিনি এই কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক ফাঁকির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মুদ্রা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত ও চেকপোস্ট দিয়ে এ ধরনের অবৈধ অর্থ পাচার রোধে কাস্টমস ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তাদের নজরদারি আরও জোরদার করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ