ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. রফিক ওরফে বার্মাইয়া রফিক (৪৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। আটক রফিক হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল কাদেরের ছেলে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশে এক অস্ত্রধারী সন্ত্রাসী বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাইয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল ওই স্থানে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন একটি বস্তাসহ পালানোর চেষ্টাকালে মো. রফিককে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও সাথে থাকা বস্তা তল্লাশি করে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক রফিক একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে আগে থেকেই একটি অস্ত্র মামলা, তিনটি মাদক মামলা এবং একটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ