মোংলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

মোংলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোংলায় একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে তিন কারবারিকে আটক করেছে নৌবাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ কন্টিনজেন্ট কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে নৌবাহিনীর একটি চৌকস দল মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক কারবারের সাথে জড়িত মূল তিন অভিযুক্তকে আটক করতে সক্ষম হন নৌবাহিনীর সদস্যরা। পরে ওই আখড়ার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া অভিযানে বেশ কিছু বিদেশি মদের বোতল ও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন—মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) ও মো. রায়হান (২৬)।

অভিযান পরিচালনাকারী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন জানান, আটককৃত মাদক কারবারি এবং উদ্ধারকৃত সকল সরঞ্জামাদি মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্ম্য এবং বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করতে নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন