মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক

মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় দিনের আলোতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নিহতদের ভাড়া বাসায় তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহতরা হলেন আমেনা বেগম (৩৫) ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে মরিয়ম। এই জোড়া খুনের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমেনা বেগম ও তাঁর পরিবার বরিশালের স্থায়ী বাসিন্দা। আমেনার স্বামী মিজান পেশায় একজন কাঠমিস্ত্রি। প্রায় ৪–৫ মাস আগে তারা দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের বাড়িটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার সকালে স্থানীয়রা ওই বাসায় গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে সন্দেহ হওয়ায় দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তারা বিছানায় মা ও মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, ঘটনার নেপথ্যে থাকা কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কোনো বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে তদন্ত শেষে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন