মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

মান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল। এসময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও রাষ্ট্র গঠনে তার অবদানের কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী দর্শন আজও দেশের রাজনীতিতে ধ্রুবতারার মতো পথ দেখাচ্ছে। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল এবং অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন