কলমাকান্দায় সরকারি জমি দখল ঘিরে লঙ্কাকাণ্ড: ইউএনও-চেয়ারম্যান বাগবিতণ্ডা

কলমাকান্দায় সরকারি জমি দখল ঘিরে লঙ্কাকাণ্ড: ইউএনও-চেয়ারম্যান বাগবিতণ্ডা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় সরকারি খাস জমি দখল করে ঘর নির্মাণকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তীব্র বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার লেঙ্গুরা বাজার এলাকায় এই অনভিপ্রেত ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেঙ্গুরা বাজার এলাকায় সরকারি খাস জমিতে একটি পক্ষ অবৈধভাবে আধাপাকা ঘর নির্মাণের চেষ্টা চালালে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান ও সংশ্লিষ্ট নায়েব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও যখন অবৈধ নির্মাণকাজ বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, তখন লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সেখানে উপস্থিত হয়ে বাধা প্রদান করেন। তিনি আদালতের কার্যক্রমে আপত্তি জানিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উচ্চবাচ্যে জড়িয়ে পড়েন, যার ফলে ভ্রাম্যমাণ আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, “সরকারি জায়গায় ঘর নির্মাণের সময় প্রথমে নায়েব বাধা দেন। পরে ইউএনও সাহেব মোবাইল কোর্ট পরিচালনা করে আমার ভাইকে সাজা দিতে চাইলে আমি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলি। আমি আইন অমান্য করতে চাইনি, শুধু প্রক্রিয়াটি বুঝতে চেয়েছি।” তবে সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি প্রশাসন গুরুত্বের সাথে দেখছে। নেত্রকোনার জেলা প্রশাসক সাইফুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের কাজে বিঘ্ন ঘটানো আইনত দণ্ডনীয় অপরাধ। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে সরকারি সম্পত্তি রক্ষা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন