হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন লক্ষ্মীপুরের এসপি

হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন লক্ষ্মীপুরের এসপি

আমিনুল ইসলাম সিয়াম, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ পুলিশ তদন্ত কেন্দ্রে (পিআইসি) উন্নীত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা থাকা ফাইলটির প্রশাসনিক অগ্রগতির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ি আকস্মিকভাবে পরিদর্শনকালে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে তিনি ফাঁড়ির পুলিশ সদস্যদের আবাসন ব্যারাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ফাঁড়িতে কর্মরত সকল পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনসেবা নিশ্চিত করা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাই পুলিশের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পুলিশি সেবা পায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।

পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শনে ফাঁড়ির কর্মরত সদস্যদের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য ও উৎসাহের সৃষ্টি হয়। স্থানীয়রা মনে করছেন, হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়িটি দ্রুত তদন্ত কেন্দ্রে উন্নীত হলে এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা আসবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে। পরিদর্শনের সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন