ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে পোলিং এজেন্টদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় মাদারীপুরের চরমুগরিয়া কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় এবং চলে সন্ধ্যা পর্যন্ত। নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা, স্বচ্ছতা ও এজেন্টদের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মশালায় ভোটকেন্দ্রের পরিবেশ রক্ষা, ব্যালট পেপার গণনা পদ্ধতি, পোলিং এজেন্টদের নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি প্রতিরোধে করণীয় এবং নির্বাচন কমিশনের বিদ্যমান বিধিমালা সম্পর্কে এজেন্টদের সম্যক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুস সোবাহান খান।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মাওলানা আব্দুস সোবাহান খান, জেলা সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান খান এবং পৌর আমীর মাওলানা আলমগীর হোসেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সচেতন ও প্রশিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। এজেন্টরা যদি তাদের আইনগত অধিকার ও দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তবে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। তারা যেকোনো অনিয়ম মোকাবিলায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মেজবাহ উদ্দিন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মশালায় অংশগ্রহণকারী পোলিং এজেন্টরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের বিষয়ে পূর্বের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সচেতন হয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম মেনে সুন্দর পরিবেশে ভোট কার্যক্রম সম্পন্ন করতে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ