ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরগুনার আমতলীতে দোয়া, আলোচনা সভা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এশার নামাজ বাদ উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া বাজারে ২নং ওয়ার্ড বিএনপি এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রফিক বিশ্বাসের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবদলের সভাপতি মো. জাহিদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস খান ও মো. তোফাজ্জেল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রুহুল আমিন দিপু এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা।
স্মরণসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী শক্তি আজ শোকাহত। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। বক্তারা আরও বলেন, বরগুনা-১ আসনে দলের যোগ্য নেতা মো. নজরুল ইসলাম মোল্লাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্র ঘোষিত এই সিদ্ধান্তকে আমতলী ও তালতলীর তৃণমূল নেতাকর্মীরা সাদরে গ্রহণ করেছে। উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার আদায়ে নজরুল ইসলাম মোল্লাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ১০নং মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান টিটুসহ আমতলী উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে দেশনেত্রীর আত্মার শান্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ