আপিলে প্রার্থিতা টিকল কাজী রফিকের, বগুড়া-১ আসনে ধানের শীষের বাধা কাটল

আপিলে প্রার্থিতা টিকল কাজী রফিকের, বগুড়া-১ আসনে ধানের শীষের বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে তার প্রার্থিতার পক্ষে এই রায় দেয় কমিশন। কাজী রফিকের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনটি প্রত্যাহার হয়ে যাওয়ায় ওই আসনে ধানের শীষের লড়াইয়ে নামতে তার আর কোনো আইনি বাধা রইল না। এদিন শুনানির পর কাজী রফিকের পক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরেন তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়া ও তথ্য যাচাই-বাছাই শেষে কমিশন তার মক্কেলের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। এরপর গত ২৮ ডিসেম্বর তিনি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। তবে মনোনয়নপত্র দাখিলের পর তার প্রার্থিতা নিয়ে একটি আপিল আবেদন জমা পড়লে নির্বাচন কমিশন তা পর্যালোচনার জন্য গ্রহণ করে। 

আজকের শুনানিতে সংশ্লিষ্ট পক্ষ সেই আপিল প্রত্যাহার করে নিলে কমিশন চূড়ান্তভাবে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে। এই সিদ্ধান্তে সোনাতলা ও সারিয়াকান্দি এলাকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন