ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন হালদার, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ‘বাগেরহাট-ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টায় বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট হাওলাদার এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বাগেরহাটের আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকার সাথে সরাসরি রেল সংযোগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র মুখার্জি, অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, শহিদুল ইসলাম স্বপন, মো. সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, বেগ শামিম, সৈয়দ সাইদুর কবীর, সাংবাদিক রুহুল আমিন বাবু ও সাইদা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিস্তারিত আলোচনা শেষে সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলকে সদস্য সচিব করে ‘বাগেরহাট–ঢাকা ট্রেন বাস্তবায়ন কমিটি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এছাড়া কমিটির কার্যক্রম গতিশীল করতে আরও বেশ কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত এই কমিটি আগামীতে স্মারকলিপি প্রদান ও জনমত গঠনের মাধ্যমে রেললাইন বাস্তবায়নের আন্দোলন বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ