সান্তাহারে ছিনতাই রুখতে পুলিশ সুপারের নেতৃত্বে যৌথ মহড়া

সান্তাহারে ছিনতাই রুখতে পুলিশ সুপারের নেতৃত্বে যৌথ মহড়া

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন সান্তাহার ও এর পার্শ্ববর্তী এলাকায় রাত্রিকালীন অপরাধ এবং সড়কে ছিনতাই প্রতিরোধে বিশেষ টহল ও যৌথ মহড়া পরিচালিত হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সরাসরি নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সান্তাহার রেলওয়ে পুলিশ এবং বগুড়া জেলার আদমদীঘি থানা পুলিশ এই অভিযানে অংশ নেয়। মূলত ভোররাতে ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছিল যে—ভোররাতে ট্রেন থেকে নেমে যাত্রীরা যখন সিএনজি বা রিকশায় করে নওগাঁ শহর কিংবা বগুড়ার আদমদীঘির দিকে যাত্রা করেন, তখন তারা নির্জন সড়কে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার স্বয়ং সংশ্লিষ্ট এলাকাগুলোর অপরাধপ্রবণ স্পটগুলো পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। মহড়া চলাকালে তিনি সান্তাহার থেকে নওগাঁ অভিমুখে যাতায়াতের পথে ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় সাধারণ মানুষের উদ্দেশে পুলিশ সুপার বলেন, অপরাধীকে ভয় না পেয়ে অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সড়কে চলাচলের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে বা সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক নিকটস্থ থানায় অভিযোগ করার পরামর্শ দেন তিনি। দ্রুত সেবা পেতে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯' অথবা নওগাঁ জেলার পুলিশ কন্ট্রোল রুমে (+৮৮০ ১৩২০-১২৪৪৯৮) যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান। নওগাঁ জেলা পুলিশ সর্বদা জননিরাপত্তায় নিয়োজিত রয়েছে উল্লেখ করে তিনি অপরাধ দমনে সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন