ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁর মান্দা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়। মূলত নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত এবং অবৈধ অস্ত্র ও মাদক রোধে এই তৎপরতা চালানো হচ্ছে।
অভিযান চলাকালীন সময়ে ফেরিঘাট এলাকায় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা যায় যৌথ বাহিনীর সদস্যদের। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় আইন অমান্যকারী ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন। চেকপোস্ট কার্যক্রমে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণিসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন জানান, নির্বাচনকালীন সময়ে জননিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনীর এই নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, তল্লাশিকালে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কিছু পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে যৌথ বাহিনীর এই দৃশ্যমান তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ