রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মো: ইমরান হোসেন, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সশরীরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর ফলে এই আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ অনেকটা বদলে গেল।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের নির্ধারিত শেষ দিনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ তাঁর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষে বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে এবং এ সংক্রান্ত তথ্য ইতিমধ্যে নির্বাচন কমিশনকেও (ইসি) অবহিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বৈধ প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর পর রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এখন মোট ছয়জন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আবুল বাশার। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা পুরোদমে প্রচার-প্রচারণায় নামবেন বলে সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন