ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার স্বার্থে সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান গানম্যান পেতে যাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২০ জানুয়ারি) এই সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় শীর্ষ নেতাদের জীবনের নিরাপত্তা চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সাতজন শীর্ষ নেতার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনে আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে ইসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং উল্লাপাড়া আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানসহ সাত নেতার নাম উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের এই নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত প্রার্থীদের নির্বাচনী প্রচার ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মহলের একাংশ কমিশনের এই সিদ্ধান্তকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে নির্বাচন পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের মাঠে সকল প্রার্থীর সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে একটি সুষম ভারসাম্য বজায় রাখা জরুরি। উল্লাপাড়া আসনে মাওলানা রফিকুল ইসলাম খানের প্রার্থিতা ঘিরে বর্তমানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ