ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. নূরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি-পায়জামা ও মাদরাসা ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন ‘ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানায়’ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়।
স্থানীয় দুই জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকের উদ্যোগে পাঞ্জাবি-পায়জামা এবং একজন নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত সৌজন্যে এই মাদরাসা ব্যাগ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে নতুন পোশাক ও ব্যাগ তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
উপহার বিতরণকালে শিশুদের চোখেমুখে খুশির ঝিলিক দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, “ঈদের আগে নতুন পোশাক ও ব্যাগ পেয়ে এতিম শিশুদের মুখে যে হাসির ঝিলিক দেখা যাচ্ছে, তা অত্যন্ত প্রশান্তির। এমন একটি মহতী ও মহানুভবতার কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। সমাজের বিত্তবানদের উচিত এভাবেই এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানার মুহতামিম আফবাব উদ্দিন গাজী, শিক্ষক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, এতিমখানা কমিটির সেক্রেটারি মোবারক সিকদার, কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়া, আল-আমিন পাঠান, সমাজসেবক দেলোয়ার পাঠান ও শাহাদাৎ হোসেন হিরনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এন.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ