ইসলামী শ্রম নীতিতেই শ্রমিকের অধিকার ও মালিকের নিরাপত্তা: মুহাদ্দিস আব্দুল খালেক

ইসলামী শ্রম নীতিতেই শ্রমিকের অধিকার ও মালিকের নিরাপত্তা: মুহাদ্দিস আব্দুল খালেক

নাজমুল হোসাইন মাহি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদর-২ আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, শ্রমিকদের প্রকৃত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ইসলামী শ্রম নীতির কোনো বিকল্প নেই। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পুরাতন সাতক্ষীরার মোসলেমা আদর্শ একাডেমি মাঠে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “শ্রমিকরা সমাজের চালিকাশক্তি এবং তারা আমার বন্ধু। ইসলামী শ্রম নীতি বাস্তবায়িত হলে শ্রমিক ও মালিক—উভয় পক্ষই নিরাপদ থাকবে এবং শোষণমুক্ত সমাজ গড়ে উঠবে। আমরা অতীতে বারবার প্রতারিত হয়েছি, কিন্তু এবার আর কোনো ভুল করা চলবে না। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “ডা. শফিকুর রহমান একজন মানবিক নেতা। তার দূরদর্শী নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। আমরা শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার স্বপ্ন দেখি।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মেহেরুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ হাফিজের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের আমির, সালাউদ্দীন, সাবেক সংসদ সদস্য, আমিরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্পাদক, অধ্যাপক ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর আমির জাহিদুল ইসলাম এবং শহর শিবিরের সভাপতি আল মামুনসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ডা. শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। দুপুর থেকেই সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত শ্রমিক ব্যানার ও স্লোগান সহকারে মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন