ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খুলনায় আরাফাত কোকোকে নিয়ে কটূক্তির মামলায় ইসলামী বক্তা অভিযুক্ত
খুলনা প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
আমির হামজা কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং কুষ্টিয়ার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ মামলাটি তদন্ত করে আগামী ২৫ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করবেন।
এজাহারে বলা হয়েছে, ১৬ জানুয়ারি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সি অ্যান্ড বি কলোনিতে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আসামির বক্তব্য নজরে আসে। ওই বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর নামকে ব্যঙ্গ করে জনসম্মুখে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে মরহুম কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কোকো স্মৃতি সংসদের সমর্থকদের চরমভাবে মানহানি হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিষয়টি যাচাই-বাছাই ও সাংগঠনিকভাবে আলোচনা শেষে বাদী ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হন। মামলা সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী সাক্ষী ও প্রাসঙ্গিক প্রমাণ রয়েছে। নালিশে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ