সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন পেলেন ‘ঘোড়া’ প্রতীক

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন পেলেন ‘ঘোড়া’ প্রতীক

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও মানবাধিকার কর্মী মো. ইলিয়াস রেজা রবিন নির্বাচনী প্রতীক হিসেবে ‘ঘোড়া’ বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা তাকে এই প্রতীক প্রদান করেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনী এলাকার বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করা হয়।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. ইলিয়াস রেজা রবিন বলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের বিশেষ চাহিদা ছিল শক্তির প্রতীক ‘ঘোড়া’। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তিনি মনে করেন, ভোটের মাঠে সাধারণ ভোটাররাই সবচেয়ে বড় শক্তি এবং ব্যালট পেপারে এই প্রতীকটি স্পষ্টভাবে দেখা যায় বিধায় ভোটাররা সহজেই তা শনাক্ত করতে পারবেন। ক্ষিপ্রতা ও গতিশীলতার প্রতীক হিসেবে ঘোড়া তাকে নির্বাচনী দৌড়ে এগিয়ে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে ইলিয়াস রেজা রবিন আরও বলেন, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি তার মেধা ও শ্রম উৎসর্গ করতে চান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান তিনি। একইসঙ্গে নির্বাচন কমিশনসহ বিএনপি ও জামায়াত জোটের স্থানীয় নেতাকর্মীদের প্রতি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন এই মানবাধিকার কর্মী।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়নের তালম সরাতলা গ্রামের বাসিন্দা এবং প্রয়াত প্রকৌশলী ইসমাইল হোসেনের সন্তান। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ থেকেই এই আসনে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো। এলাকার সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন