ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গোপালগঞ্জে 'হ্যাঁ' ভোটের পক্ষে ইমাম সম্মেলন
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা এবং মসজিদের খুতবায় এ বিষয়ে বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, "বাংলাদেশ নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের পক্ষ থেকে একটি সংস্কারের কথা বলা হয়েছে। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রূপান্তরিত হতে চাই, যা সাধারণ মানুষের প্রাণের আকাঙ্ক্ষা। এ লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল এবং আমরা সফল হয়েছি।"
জেলা প্রশাসক আরও জানান, তফসিলে বর্ণিত ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ‘জুলাই সনদে’ ঐকমত্যে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে একযোগে এই ‘হ্যাঁ/না’ ভোট অনুষ্ঠিত হবে। ‘হ্যাঁ’ ভোটে বিজয়ী রাজনৈতিক দলকে জুলাই সনদের আলোকে দেশ পরিচালনা করতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রকে সত্যিকার অর্থে আমূল পরিবর্তন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মো. অলিউর ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার পাঁচ শতাধিক ইমাম অংশগ্রহণ করেন। উপস্থিত ইমামগণকে জাতীয় স্বার্থে এই সংস্কার প্রক্রিয়ার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ