বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় সকাল আনুমানিক ৯টার দিকে একটি বিশেষ টহল দল অভিযানে নামে। রিভারঘাট পোস্টের হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে বিজিবির সদস্যরা বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনী এলাকায় তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১৯৬.৬৯ ঘনফুট অবৈধ চোরাচালানী সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪৫ হাজার ৭৬৭ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "মারিশ্যা জোনের আওতাধীন এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত কাজ করে যাচ্ছে। বর্তমানে চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করায় আমরা গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করেছি।"

তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন