হাওরের মানুষের মন বড়: শফিকুর রহমান

হাওরের মানুষের মন বড়: শফিকুর রহমান

কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা যাওয়া জামায়াত সমর্থক শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় শাহ্ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এ আশ্বাস দেন।

তিনি বলেন, “আমি যত দিন সংগঠনের দায়িত্বে আছি, তত দিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যাঁরা দায়িত্বে আসবেন, তাঁরাও তা পালন করবেন বলে আশা রাখি।”

হাওরবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, “হাওরের মানুষের মন বড়। আপনারা বড় মন দিয়ে শাহ্ আলমের পরিবারকে সবার স্নেহের আদরে ঢেকে রাখবেন। ইনশা আল্লাহ আমি আপনাদের পাশে আছি।”

স্মরণসভা শেষে তাঁর নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে। সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মী আব্দুস ছালামের পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এর আগে সকাল ৮টার দিকে তিনি সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান।

স্মরণসভায় কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হন। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ্ আলম (৫০) মারা যান।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন