কুতুবদিয়াবাসীর স্বপ্ন পূরণ: মগনামা-বড়ঘোপ নৌপথে নামছে সী-ট্রাক

কুতুবদিয়াবাসীর স্বপ্ন পূরণ: মগনামা-বড়ঘোপ নৌপথে নামছে সী-ট্রাক

তারেক হায়দার, কক্সবাজার: কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ার প্রায় দেড় লাখ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। উত্তাল কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিতে দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে আজ রবিবার দুপুরে চালু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত সী-ট্রাক। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে পেকুয়া (মগনামা) থেকে কুতুবদিয়া (বড়ঘোপ) পর্যন্ত ৫ কিলোমিটার নৌপথে এই সী-ট্রাক সার্ভিসের উদ্বোধন করবেন।

ইতোমধ্যেই সজ্জিত সী-ট্রাক ‘এসটি ভাষা শহীদ জব্বার’ মগনামা ঘাটের পন্টুনে নোঙর করা আছে। বৈরী আবহাওয়াসহ নানা প্রতিকূল সময়ে কুতুবদিয়া চ্যানেলের উত্তাল সাগর পাড়ি দিতে এতদিন স্পিডবোট ও ছোট ট্রলারে চড়ে জীবনঝুঁকি নিয়ে পারাপার হতে হতো স্থানীয়দের। বিশেষ করে কক্সবাজারগামী অসুস্থ রোগী ও প্রসূতি মায়েদের দুর্ভোগ ছিল সীমাহীন। সী-ট্রাক চালুর মাধ্যমে দ্বীপের মানুষের যাতায়াতে এখন থেকে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি লাঘব হবে দীর্ঘদিনের ভোগান্তি। উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকার কথা রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন