কালাইয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

কালাইয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই থানার একটি মামলায় দীর্ঘদিনের পলাতক ও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুর রশিদ (৫৬)। তিনি কালাই উপজেলার সুরাইল (সড়াইল) গ্রামের মো. আঃ সাত্তার মন্ডলের ছেলে। পুলিশ জানায়, ২০১৬ সালের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত তাকে পাঁচ বছরের সাজা প্রদান করলে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন।

জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় কালাই থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)–এর তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে। পরে গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কালাই থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রশিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৫ মার্চ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি এর ১(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-৮/২৬)। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে সাজার আদেশ প্রদান করেন। গ্রেপ্তারের পর তাকে কালাই থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অদ্য ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন