সচিব সেজে বৃদ্ধের ভ্যান নিয়ে চম্পট দিল প্রতারকচক্র

সচিব সেজে বৃদ্ধের ভ্যান নিয়ে চম্পট দিল প্রতারকচক্র

নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিনব কায়দায় ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে খোকন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের চার্জার ভ্যান নিয়ে চম্পট দিয়েছে দুই প্রতারক। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী খোকন মোল্লা বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের বাসিন্দা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ভ্যান চালিয়েই চলত তাঁর অভাবের সংসার।

ঘটনার বর্ণনা দিয়ে বৃদ্ধ খোকন মোল্লা জানান, দুপুরে বাগআঁচড়া বাজারে এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে বসতপুর যাওয়ার কথা বলে তাঁর ভ্যানে ওঠেন। প্রথমে তাঁকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে ওই যাত্রী জানান, পরিষদের সচিব আসছেন। কিছুক্ষণ পর অপর এক ব্যক্তি মোটরসাইকেলে এসে নিজেকে ‘সচিব’ পরিচয় দেন এবং ওই যাত্রীকে এক হাজার টাকা দিয়ে মিষ্টি আনতে পাঠান। মিষ্টি নিয়ে ফেরার পর তাঁকে বাগআঁচড়া দারুন আমান ট্রাস্টের সামনের একটি বাড়ির নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্যানচালককে মিষ্টিগুলো বাসার ভেতরে দিয়ে আসতে বলেন ওই প্রতারক। খোকন মোল্লা মিষ্টি নিয়ে বাড়ির ভেতরে গিয়ে কাউকে না পেয়ে দ্রুত বাইরে ফিরে আসেন। এসে দেখেন তাঁর সাধের ভ্যানটি নিয়ে যাত্রী ও তথাকথিত সচিব দুজনেই উধাও।

ভ্যানটি হারিয়ে দিশেহারা বৃদ্ধ খোকন মোল্লা বাজারের মাঝেই কান্নায় ভেঙে পড়েন। তাঁর আহাজারিতে উপস্থিত মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর বাগআঁচড়ায় ইদ্রিস আলী নামে এক বৃদ্ধ ভ্যানচালকের সাথেও একই কায়দায় প্রতারণা করে ভ্যান নিয়ে যায় চক্রটি। স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধ ও শিশুদের টার্গেট করে এই প্রতারক চক্রটি এলাকায় সক্রিয় হয়ে উঠেছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। প্রতারকদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।”

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন