রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সরঞ্জামসহ টেকনাফে সাবেক ইউপি সদস্য আটক

রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সরঞ্জামসহ টেকনাফে সাবেক ইউপি সদস্য আটক

জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী 'নবী হোসেন বাহিনী'র ব্যবহৃত পোশাক, ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জামসহ মোস্তফা কামাল নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১৮ জানুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লুখালী খারাইংগ্যা ঘোনা এলাকায় মোস্তফা কামালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোস্তফা কামাল হোয়াইক্যং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের জহির আহমেদের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মোস্তফা কামালের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নবী হোসেন বাহিনীর বিপুল পরিমাণ ব্যবহৃত পোশাক, ওয়াকিটকি এবং সন্দেহজনক আরও কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্ত উত্তেজনার সুযোগে এই সশস্ত্র গোষ্ঠীর সাথে সাবেক ওই জনপ্রতিনিধির গোপন যোগসাজশ গড়ে উঠেছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ সীমান্ত এলাকায় মিয়ানমারের শক্তিশালী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ও কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পরাজিত হয়ে নবী হোসেন গ্রুপের সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। তারা সাবেক ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়িতে তাদের সামরিক পোশাক ও বিভিন্ন সরঞ্জাম গোপনে সংরক্ষণ করে রাখে বলে বিজিবি গোয়েন্দা তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতেই এই সফল অভিযানটি পরিচালিত হয়। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেড.এইচ/সকালবেলা

মন্তব্য করুন