ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: আজন্ম নদীতে ভেসে থাকা এবং জীবন-সংগ্রামের শেষ পর্যায়ে এসে একটুখানি মাটির পরশ পেতে আকুতি জানিয়েছেন মানতা সম্প্রদায়ের নারী জেলেরা। মৃত্যুর পর শেষ ঠিকানার জন্য স্থায়ী একটুকরো জমি এবং মাছ ধরার পেশার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন অবহেলিত এই জনপদ। বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত মানতা সম্প্রদায়ের জেলে নারীদের এক ফলোআপ সভায় তারা এসব দাবি তুলে ধরেন। সামাজিক উন্নয়ন সংস্থা ‘সাস’-এর নির্বাহী পরিচালক রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদার।
সভায় অংশ নেওয়া নারী জেলেরা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনের পুরোটা সময় কাটে নদীর উত্তাল ঢেউয়ের ওপর নৌকায়। স্থাবর কোনো সম্পদ না থাকায় মৃত্যুর পর দাফন করার মতো একখণ্ড জমিও জোটে না অনেকের। তারা মূলত ভূমিতে তাদের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। এর পাশাপাশি নদীতে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করলেও তারা পেশাগত স্বীকৃতির বাইরে রয়ে গেছেন। তারা ভিজিএফ, ভিজিডি কার্ড, বিধবা ভাতা এবং দুর্যোগকালীন ত্রাণের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আসার জোরালো দাবি জানান। মৌসুমি নিষেধাজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগ এবং নদী ভাঙন তাদের জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করে তোলে উল্লেখ করে তারা মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের উৎসের ব্যবস্থা করার দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাবির আহম্মেদ ও রিপোর্ট একাত্তর ডট কমের হেড অফ করেসপন্ডেন্ট সাংবাদিক সাইদুর রহমান পান্থ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন অব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মানতা কমিউনিটি’ প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস। বক্তারা বলেন, মানতা সম্প্রদায়ের নারীরা দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তারা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও অধিকার রক্ষায় প্রকল্পের মাধ্যমে কাজ করা হচ্ছে। উল্লেখ্য, নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট একাত্তর ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা (সাস)।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ