ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে কৃষকদের মাঝে গম ও ভুট্টা চাষ সম্প্রসারণ এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৫০ জন কৃষক ও কৃষাণীকে আধুনিক পদ্ধতিতে গম ও ভুট্টা চাষের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলামের সমন্বয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জাহিরুল ইসলাম এবং ডক্টর আবুল আওলাদ খান।
এছাড়াও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রেজাউল করিম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মকবুল হোসেন এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম।
প্রশিক্ষণ শেষে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। তাই ধানের বিকল্প হিসেবে কম সেচনির্ভর গম ও ভুট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে উন্নত জাতের ভুট্টা উৎপাদন করে কৃষকরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেই লক্ষ্যেই সরকার এ প্রণোদনা ও প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানে নিয়ামতপুর থানা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ