ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: ‘সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ঐতিহ্যবাহী দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে পীরগাছা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
প্রেসক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সীর সভাপতিত্বে এবং দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দৈনিক জনবাণী দীর্ঘ সাড়ে তিন দশক ধরে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, এই পত্রিকাটি আগামীতেও দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং মেহনতি মানুষের প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠবে।” তিনি পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সংবাদকর্মীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক শাহ কামাল ফারুক লাবু (ভোরের কাগজ), এম খোরশেদ আলম (করতোয়া), হারুন অর রশিদ (যুগের আলো), খুরশীদ আলম (মাই টিভি), শাহ জাহান সিরাজ মাসুদ (প্রথম খবর) এবং হারুন অর রশিদ (বিনোদন ধারা)। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় দৈনিক জনবাণীর সাহসী ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে পত্রিকার সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ