ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রাথমিক পর্যায়েই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ ব্রিলিয়ান্ট ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম হীরা। সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের মাঠপাড়া এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ‘ব্রিলিয়ান্ট স্বাস্থ্য কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিশুদের শারীরিক বিকাশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
অধ্যক্ষ শাহনাজ বেগম হীরা বলেন, একটি শিশু শারীরিকভাবে সুস্থ না থাকলে তার মেধার পূর্ণ বিকাশ সম্ভব নয়। অনেক সময় শিশুরা ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগলেও তা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না, যা পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে। তাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর দাঁত, ওজন, উচ্চতাসহ সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন অভিজ্ঞ পাঁচজন চিকিৎসক। তারা হলেন ডা. আজিম মাহমুদ মুন্না, ডা. মো. মাহবুব শেখ, ডা. সায়মা আলী রন্তি, ডা. মো. নাদিমুল ইসলাম নাদিম এবং ডা. রায়হানুল ইসলাম। চিকিৎসকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে একটি করে ‘ব্রিলিয়ান্ট স্বাস্থ্য কার্ড’ তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিয়মিত স্বাস্থ্যসেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের বিশেষ সুযোগ পাবে। স্বাস্থ্য পরীক্ষার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সুধীমহল।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ