ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবাসহ আব্দুল আলীম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার (২১ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্ত্বাবধানে বুধবার এসআই নুরুজ্জামানের নেতৃত্বাধীন একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় মাদক উদ্ধার অভিযান চালায়। অভিযানে ওই এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে আব্দুল আলীমকে (৪১) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল আলীমকে উদ্ধারকৃত ইয়াবাসহ টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ