ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ফরিদপুরের ভাঙ্গায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মালিগ্রাম এলাকায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাজী মো. আলমগীর হোসেনের বাসভবন প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, যুগ্ম আহ্বায়ক এম টি আখতার টুটুল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মাজেদ মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু এবং ফরিদপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী খান লাবলু।

এছাড়াও ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ রেজাউল করিম, জিয়া শিশু কিশোর সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম ফকিরসহ জেলা, শহর ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নিরলস সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ত্যাগের পথ অনুসরণ করেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন