পারিবারিক কলহের জেরে বাবার হাতে কন্যা নিহত, আহত ১

পারিবারিক কলহের জেরে বাবার হাতে কন্যা নিহত, আহত ১

পুলক রায়, শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক ঘটনায় বাবার হাতে ছয় বছরের এক কন্যাশিশু নিহত হয়েছে। একই ঘটনায় চার বছরের আরেকটি শিশুকন্যা গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী (মধ্যপাড়া) এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম মরিয়ম (৬)। সে চর বসন্তী এলাকার বাবু মিয়ার মেয়ে। আহত শিশুর নাম মিম (৪)। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত বাবা বাবু মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তিনি পারিবারিক কলহের জেরে উত্তেজিত হয়ে হঠাৎ করে বড় মেয়েকে গলা টিপে হত্যা করেন। এরপর ছোট মেয়েকেও হত্যার চেষ্টা চালালে স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং তাকে উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবু মিয়াকে আটক করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মন্তব্য করুন